রাজধানীতে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর কলাবাগান ও তেজগাঁও থেকে আফসানা আক্তার বাবলি (২০) ও মিলন মিয়া (১৮) নামে দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
আফসানা ড্যাফোডিল ইউনিভার্সিটির ও মিলন মিয়া তেজগাঁও পলিটেকটিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। শনিবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) জবির উদ্দিন আহমেদ জানান, কলাবাগানের ১/২৫/বি নম্বর ভবনের নিচতলার একটি বাসার দরজা ভেঙে শনিবার রাত ১২টার দিকে আফসানার লাশ উদ্ধার করা হয়। তার লাশ বাসার ফ্যানের হুকের সঙ্গে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
 
এসআই জবির উদ্দিন আহমেদ জানান, আফসানা আক্তার বাবলি ড্যাফোডিল ইউনিভার্সিটির সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন। তাদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম আবু বকর। রবিবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
এদিকে, রাজধানীর তেজগাঁওয়েরপূর্ব নাখাল পাড়ার ৩১৩ নম্বর বাসার তৃতীয় তলা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলন মিয়া (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটের প্রথম বর্ষের ছাত্র।
 
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মিলন মিয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার সেলিম মিয়ার ছেলে। তিনি একটি রুম ভাড়া নিয়ে ওই বাসায় থেকে পড়াশোনা করছিলেন।