স্পোর্টস ডেস্ক
কোচ নিকো কোভাচ জানিয়েছেন বায়ার্ন মিউনিখ বুন্দেশলিগার শীর্ষেই থাকতে চায়। গত শনিবার রাতে উলফসবার্গের বিরুদ্ধে ৬-০ গোলে জিতে বরুশিয়া ডর্টমুন্ডকে এ হুঁশিয়ারি দেন তিনি।
বায়ার্ন এ জয়ে সেপ্টেম্বরের পর আবার জার্মান লিগের পয়েন্ট টেবিলে সবার উপরে ওঠে এলো। মাঝের এ সময়ে শীর্ষে ছিল ডর্টমুন্ড। বরুশিয়াও শনিবার রাতে নিজ খেলায় জয়ী হয়। তাদের জয়টি ছিল দুর্দশায় থাকা স্টুর্টগার্টের বিরুদ্ধে। রবার্ট লেভানডোভস্কি বায়ার্নে বড় জয়ে জোড়া গোল করেন। এ ছাড়াও একটি করে গোল দেন সের্জে জনাবরি, হামেস রদ্রিগেস, থমাস মুলার ও জসুয়া কিমিচ। বড় জয়ের কারণে বায়ার্ন শুধু গোল ব্যবধানেই শীর্ষে উঠে আসতে সক্ষম হয়। তারপরও খুশি কোভাচ। চাপে থাকা এ কোচ বলেন, ‘আমি খেলাটি নিয়ে খুবই আনন্দিত। এটা যেভাবে এগিয়েছিল এবং কোনোরকমের বিপত্তি না হওয়ায় ব্যাপারটা আমি পছন্দ করেছি। আমরা এখন সেখানেই আছি যেখানে আমরা থাকতে চেয়েছিলাম। পয়েন্ট টেবিলের শীর্ষে।’