লিফট এমন একটি সিস্টেম—যাহাকে নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে রাখিতেই হয়। না হইলে অকস্মাত্ বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়া যাওয়া অস্বাভাবিক নহে। গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকা মহানগর দায়রা ও জেলা জজ আদালতের ছয়তলা ভবনের পাঁচতলা হইতে লিফট ছিঁড়িয়া পড়িয়া আহত হইয়াছেন ১২ জন। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানাইয়াছেন যে, এই লিফটটিতে আগে অনেকবার যান্ত্রিক ত্রুটি হইয়াছে। মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ লিফটটিতে দীর্ঘদিন যাবত্ একরকম ঝুঁকি লইয়াই আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থীরা ওঠানামা করিয়া আসিতেছিলেন। জেলা জজ আদালতের এই পাঁচতলা ভবনটি পুরান ভবন নামে পরিচিত। এই ভবনটিতে লিফট ছিল একটিই। কিন্তু অনেকদিন ধরিয়াই যদি কর্তৃপক্ষ অবগত থাকেন যে, বহু বত্সরের পুরাতন এই লিফটটি ছিঁড়িয়া পড়িতে পারে এবং তাহার পরও যদি লিফটটিকে যথাসময়ে রক্ষণাবেক্ষণ বা পুনঃস্থাপন করা না হয়, তবে কি কর্তৃপক্ষ অপেক্ষায় ছিলেন কবে লিফটটি ছিঁড়িয়া পড়িবে?
প্রায় দেড়শত বত্সর পূর্বে মানুষ বহনকারী লিফট আবিষ্কারের পর ইহা বহুতল ভবনের একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হইয়া উঠিয়াছে। আধুনিক লিফট অনেক বেশি নিরাপদ। তাহার পরও নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা হইলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটিতে পারে। ইতঃপূর্বে ২০১৬ সালে উত্তরার আজমপুরের ১৬তলা বিশিষ্ট আলাউদ্দিন মার্কেটের ক্যাপসুল লিফট ছিঁড়িয়া ছয়জন নিহত হন। লিফট ছিঁড়িয়া আগুন ধরিবার কারণে আহত হইয়াছিলেন আরো অন্তত অর্ধশত মানুষ। এই বত্সর জানুয়ারিতে সিলেটে নির্মাণাধীন ভবনের লিফটের তার ছিঁড়িয়া দুই শ্রমিক গুরুতর আহত হইয়াছেন। চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ এলাকায় ২০১৭ সালে একটি হাসপাতালে লিফট দুর্ঘটনায় দুইজন আহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ভবনে ২০১৬ সালে লিফটের তার ছিঁড়িয়া নিচে আটকা পড়েন কয়েকজন, যাহাদের উদ্ধার করিতে হয় ফায়ার সার্ভিসের সহায়তায়। এই ধরনের দুর্ঘটনা আরো অনেক ঘটিয়াছে। ঘটিতেছে মাঝেমধ্যেই।
বিশ্বের বিপুল সংখ্যক বহুতল ভবনে লক্ষ লক্ষ এলিভেটর বা লিফট রহিয়াছে এবং সেইগুলি অত্যন্ত নিরাপত্তার সঙ্গেই পরিচালিত হইতেছে। তবে যেকোনো যন্ত্রের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের বিষয়টি অত্যাবশ্যকীয় হিসাবে গণ্য করা হয়। লিফট চলে পুরো একটি সিস্টেমে। ইহার কন্ট্রোলার ইউনিট যেমন লিফটের পুরো ওঠানামার বিষয়টিকে নিয়ন্ত্রণ করে, তেমনি ড্রাইভ ইউনিটও একই সঙ্গে সমান গুরুত্বপূর্ণ। ইহাদের প্রতি মাসে নিয়ম করিয়া রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি। জানা যায়, ঢাকা জেলা জজ আদালতের ছিঁড়িয়া পড়া লিফটটি দেখাশোনার দায়িত্বে রহিয়াছে পূর্ত মন্ত্রণালয়। আমরা আশা করিব, দেশের অন্যত্র যত পুরাতন লিফট রহিয়াছে, তাহা কোনোরকমে জোড়াতালি দিয়া ব্যবহার না করিয়া নূতন আধুনিক লিফট প্রতিস্থাপনের ব্যাপারে সংশ্লিষ্ট ভবনগুলির কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।