মেহেরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রমজান শেখ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার বন্দর গ্রামের শশ্মানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমজান রাজনগর গ্রামের মৃত আমির শেখের ছেলে।
পুলিশ জানায়, সদর থানা পুলিশের একটি দল রমজান শেখকে নিয়ে শশ্মানঘাট এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ৪সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন- সদর থানার এস আই মেজবাহুল, কনস্টেবল শাহিন, মিজান ও আশরাফুল।
ঘটনাস্থল থেকে একটি এলজি শার্টার গান, দুই রাউন্ড গুলি ও কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি রাজনগর গ্রাম থেকে আটক করে সদর থানা পুলিশ। পরে রাত দুইটার দিকে তাকে নিয়ে সদর উপজেলার বন্দর গ্রামের শশ্মানঘাট এলাকায় অস্ত্র উদ্ধারে যায় সদর থানা পুলিশের একটি দল।
সেখানে রমজান শেখকে ছিনিয়ে নিতে তার সহযোগিরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এরই এক পর্যায়ে রমজান গুলিবিদ্ধ হন। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এহসান মো. রাজু তাকে মৃত ঘোষণা করেন। গুলি বিনিময়ে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, ২০১৩ সালে র্যাব সদস্যদের মারধর করা, তাদের অস্ত্র কেড়ে নেয়া ও পুলিশের ওপর হামলাসহ রমজান শেখের বিরুদ্ধে সদর থানায় বেশ কিছু মামলা আছে। রাতেই মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে তার লাশ।
অপর দিকে তার পরিবারের সদস্যরা দাবি করেন, বন্দুকযুদ্ধের নামে রমজান শেখকে হত্যা করা হয়েছে। তার অপরাধ, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।