আদালতের পথে খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন মামলাটির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকার বিশেষ জজ-৯ আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি।
 
সোমবার সকাল সোয়া এগারটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে আদালতের পথে রওনা হয়েছেন খালেদা। বেলা বারটার মধ্যে তিনি আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ। 
 
এদিকে খালেদার আত্মসমর্পণ উপলক্ষে পুরো আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। আছেন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও। তারা তল্লাশি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। খালেদা আসবেন বলে বাইরে আছেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সিএসএফ সদস্যরাও।  
 
নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন ও এ-সংক্রান্ত রুল গত ১৮ জুন খারিজ করেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে নেয়া হলো। রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে বিচারিক আদালতে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে। তবে জামিন অপব্যবহার না করার শর্তে খালেদা জিয়ার জামিন বিবেচনা করবেন আদালত।