অটোরিকশা চালক হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক সিএনজি চালিত অটোরিকশা চালককে গলা কেটে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে অপর দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় ঘোষণা করেন।
 
জননিরাপত্তা ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
 
মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া চার আসামিরা হলেন- নুরুল আলম, আবুল কালাম, মো. কাউসার ও মো. রুবেল। এদের মধ্যে কাউসার ছাড়া বাকিরা পলাতক।
 
আর যাবজ্জীবন সাজার আদেশ হয়েছে আরিফুল ইসলাম ও এস এম নইমউদ্দিন নামের দুই জনের। তাদের মধ্যে আরিফ পলাতক।
 
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৩ মে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে আনোয়ারার মোহছেন আউলিয়ার ‍মাজারে যাওয়ার কথা বলে ইউসুফ নামের এক চালাকের অটোরিকশা ভাড়া নেয় আসামিরা। পরে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডি এলাকায় ইউসুফকে খুন করে লাশ রাস্তায় ফেলে তারা​ অটোরিকশা নিয়ে চলে যায়। পরে অটোরিকশার মালিক সাতকানিয়া থেকে তার বাহন উদ্ধার করেন। স্থানীয়রা পাঁচজনকে ধরে পুলিশের সোপর্দ করে।
 
ইউসুফের খালাতো ভাই হাশেম পরে বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।