সিকিম লাদাখ অরুণাচল ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

বিশেষ প্রতিনিধি

ভারতের নিষিদ্ধ পর্যটন এলাকাগুলো বাংলাদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। অরুণাচল, সিকিম, লাদাখও এখন থেকে ভ্রমণ করতে পারবে পর্যটকরা। সেজন্য ভিসা আবেদনের সঙ্গে একটি অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা মঙ্গলবার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান। তিনি বলেন, হাইকমিশনের ওয়েব সাইটে ভিসা ফরমের সঙ্গে লাদাখ, সিকিম, অরুণাচল ভ্রমণের অতিরিক্ত ফরম পাওয়া যাচ্ছে।

এতোদিন নিরাপত্তাসহ বিভিন্ন কারণে বাংলাদেশিদের এসব স্থান পরিদর্শনে কড়াকড়ি ছিল। তিনি জানান, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো নিবিড় করতে ভিসা প্রক্রিয়া সহজ ও সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশিদের ভ্রমণের ক্ষেত্রে প্রথম পছন্দ ভারত। এ বছর ১৪ লাখ ৩০ হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। গত বছর ছিল ১৪ লাখের কম। গড়ে প্রতিদিন ১০ হাজার ভিসা আবেদন প্রক্রিয়া করা হয়। বর্তমানে নয়টির অতিরিক্ত সহসাই কুমিল্লা, বগুড়া, নোয়াখালী, সাতক্ষীরা, ঠাকুরগাঁও-এ নতুন ভিসা কেন্দ্র চালু হবে। ঢাকার যমুনা ফিউচার পার্কের ভিসা আবেদন কেন্দ্র পৃথিবীর সবচেয়ে বৃহত্ আবেদন কেন্দ্র। এখানে অত্যাধুনিক পদ্ধতিতে ভিসা প্রক্রিয়া করা হচ্ছে।