গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার এ ঘটনার মামলায় গ্রেফতার মো. মোস্তফাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। প্রসঙ্গত, ধর্ষণের দুই দিন পর রবিবার কাশিয়ানী থানায় এক স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে তিন জনসহ অজ্ঞনামা ৯/১০জনকে আসামি করে মামলা করেন।
জানা গেছে, শুক্রবার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বেজিডাঙ্গা গ্রামে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী (১২) ও তার চাচাত বোন নড়াইল এম এ মান্নান উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর অপর এক ছাত্রী (১৩) দুলাভাইয়ের সঙ্গে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি গ্রামের শতবর্ষী আম গাছ দেখতে যায়। ওই দিন সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার বালিয়াডাঙ্গা চারঘাটা নামক স্থানে পৌঁছালে বালিয়াডঙ্গা গ্রামের ইশারত মোল্যা (২৭), কাগদি গ্রামের সোহাগ সেক (২০), আলফাডাঙ্গা উপজেলার জাট্রিগ্রামের মো. মোস্তফাসহ (২২) ৯/১০ জন যুবক তাদের দুলাভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই দুই স্কুলছাত্রীকে অদূরে বাঁশ ঝোপে নিয়ে যায়। এ সময় তারা ওই দুই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। তাদের চিৎকারে পাশপাশের লোকজন তাদের উদ্ধার করে।