ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন সভাপতি ও গাজী টিভির রাজু আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে ভোট গণনা শেষে ডিআরইউ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৬৭৬ ভোট পেয়ে জামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৩২৬ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আহমেদ রাজু পেয়েছেন ৪৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মুরসালিন নোমানী পেয়েছেন ৪৭৬ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজ্জাত হোসেন ৫৪৬ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে শেখ জামাল ৫৩৮ ভোট, অর্থ সম্পাদক পদে কামরুজ্জামান কাজল ৪৯৮ ভোট, দফতর সম্পাদক পদে মেহেদী আজাদ মাসুদ ৬৩৭ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান ৪৮২ ভোট এবং প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে হালিম মোহাম্মদ ৫২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ৭টি পদে মিজান ৬০৬ ভোট, ঝর্না মনি ৫৭৭ ভোট, বাবুল ৪৭৯ ভোট, শেখ রিয়াদ ৪৩৬ ভোট, শামীম ৩৯৬ ভোট, আজাদ হোসেন সুমন ৩৮৪ ভোট ও মহসিন হোসেন ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হন।
এর আগে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন-সহ-সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরিফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে একই পত্রিকার সুমী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক পদে নতুন সময় ডটকমের মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক পদে নবচেতনার প্রধান প্রতিবেদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন। নির্বাচন কমিশন সূত্র জানায়, ডিআরইউ এর মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৭০। এর মধ্যে ১ হাজার ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সদস্য হিসেবে রয়েছেন নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের ও বিএফইউজের মহাসচিব এম এ আজিজ।