আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে মামলা

আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজে বকেয়া ৭৯৯ কোটি টাকা আদায়ে অবশেষে অর্থঋণ আদালতে মামলা দায়ের করেছে ইসলামী ব্যাংক। গতকাল সোমবার অর্থঋণ আদালত-৪ এ ব্যাংকটির কাওরান বাজার শাখার পক্ষে  মামলাটি দায়ের করেন ল কাউন্সিলের আইনজীবী মোজাহিদুল ইসলাম শাহীন। এতে আনন্দ গ্রুপের চেয়ারম্যান, এমডিসহ ৮ জনকে বিবাদী করা হয়েছে।

 
এ বিষয়ে আইনজীবী মোজাহিদুল ইসলাম শাহীন বলেন, ব্যাংকের বিনিয়োগকৃত অর্থ আদায় না হওয়ায় এ মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আনন্দ শিপইয়ার্ডে ইসলামী ব্যাংকের পাওনা মুনাফাসহ দাঁড়িয়েছে ৭৯৯ কোটি ৬০ লাখ ৫ হাজার ৮৩৯ টাকা। যা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে।
 

মামলায় বিবাদী করা হয়েছে : প্রতিষ্ঠান হিসেবে আনন্দ শিপইয়ার্ড, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারী, চেয়ারম্যান আব্দুল্লাহেল বারী, পরিচালক আব্দুল্লাহ জেরিনা জাফরিনা, বিনিয়োগের গ্যারান্টার আনন্দ ইলডোরাডো পরিচালক আব্দুল্লাহ নাহিদ নিগার, আব্দুল্লাহ নাইম নওরোজ, মনজুরুল ইসলাম ও তরিকুল ইসলাম।