প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণের দাবি বাস্তবায়নসহ তিন দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে পিটিআই’র ডিপিএড প্রশিক্ষণার্থী সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকগণ।
রবিবার সকালে জেলার প্রাইমারি টিচার্স ট্রেনিং (পিটিআই) সেন্টারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন— সহকারী শিক্ষক নাজমুল হুদা, কামরুন্নাহার মুন্নি, আল মামুন, রেজাউল করিম, আব্দুল জলিল, মাকসুদ খান প্রমুখ। মানববন্ধনে জেলার ৫ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। পরে তারা টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
তিন দফা দাবিগুলো হচ্ছে— প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ অর্থাত্ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ১০ ধাপ দেওয়া হলে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১১তম ধাপ নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করে অফিস করণিক/অফিস সহকারী পদ সৃষ্টি করা এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ২য় শ্রেণির মর্যাদা প্রদান।
শিবপুরে মানববন্ধন
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা জানান, প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে শিবপুরে মানববন্ধন হয়েছে। রবিবার শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
এতে উপজেলার শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। বক্তব্য রাখেন— শিবপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান এমারত, সাংগঠনিক সম্পাদক মোঃ মাছুম রিকাবদার প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে ৯ মার্চ ২০১৪ সাল থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে নির্ধারণের দাবি জানান। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।