দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক হোমিও চিকিৎসক আহত হয়েছেন। সোমবার রাতে রানীরবন্দর এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ধীরেন্দ্র নাথ রায়কে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানীরবন্দর বাজারে তার চিকিৎসা চেম্বার রয়েছে।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে ধীরেন্দ্র নাথ বাইসাইকেলে রানীরবন্দর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় রানীপুর ইছামতি কলেজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, ধীরেন্দ্র নাথের পাঁজরের নিচে গুলি লেগেছে। তবে তার ওপর হামলাকারীদের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।