ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের অভিযানে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরঃ
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ীসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ বেশকিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
মাগুরা: মাগুরায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত এই অভিযানে পুলিশ মাগুরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
সেনবাগ (নোয়াখালী): শনিবার সকালে সেনবাগ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ বিদেশি মদসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মিজানুর রহমান।
স্বরূপকাঠি (পিরোজপুর): শনিবার বিকালে স্বরূপকাঠিতে ১১০ পিস ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য মজিবর রহমান ও তার ছেলে মিজানুর রহমান শাওনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নেছারাবাদ থানার এসআই দিলীপ কুমার জানান, এ ব্যাপারে র্যাব ৮ এর ডিআইডি মো. মামুন-অর-রশিদ খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বাগেরহাট: রবিবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ৭শ পিস ইয়াবাসহ এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করে। হাইওয়ে পুলিশের বাগেরহাটের কাটাখালী থানার ওসি রবিউল ইসলাম বলেন, ওই যুবক ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): শনিবার রাতে চৌদ্দগ্রামে ১২৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যটি নিশ্চিত করেছেন থানার পিএসআই সুজন দাশ।
কচুয়া (চাঁদপুর): শনিবার রাতে কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রির টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি আতাউর রহমান ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।