বগুড়ায় গুলিবিদ্ধ ইমামকে ঢাকায় আনা হচ্ছে

 
বগুড়ার শিবগঞ্জের হরিপুরে শিয়া মসজিদে গুলির ঘটনায় আহত ইমাম মাওলানা শাহিনুর রহমানকে ঢাকায় আনা হচ্ছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
চিকিত্সকরা জানান, গুলিবিদ্ধ ইমামসহ দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সার্জারি ওয়ার্ডে ভর্তির পর ইমাম শাহিনুর ইসলামের গুলি বের করতে না পারায় তাকে অর্থোপেডিক সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। গত পাঁচ দিন চেষ্টার পরও শরীর থেকে গুলি বের করতে না পারায় সোমবার তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তরের সিদ্ধান্ত নেন শজিমেকের চিকিত্সকরা ।
 
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বিএমএ’র সাধারণ সম্পাদক অর্থোপেডিক সার্জন ডা: রেজাউল আলম জুয়েল জানান, গুলিবিদ্ধ ইমামকে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ করা হয়েছে।
 
ইমাম শাহিনুরের সঙ্গে থাকা স্বজন মনোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নেবার পর অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বেলা সাড়ে ১২টার দিকে ইমামকে নিয়ে অ্যাম্বুলেন্স ঢাকার পথে রওয়ানা দিয়েছে।
 
আহত অপর দুই মুসল্লীর মধ্যে আবু তাহের নামের একজন এখনও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। অপর একজন প্রাথমিক চিকিত্সা নিয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন।
 
এদিকে ঐ ঘটনায় গ্রেফতার করা এক জেএমবি সদস্যসহ তিনজনকে রিমান্ডে নিয়ে এখনও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি।
 
গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার মাগরিব নামাজের পর শিবগঞ্জের হরিপুর-চককানু গ্রামে অবস্থিত শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে মসজিদের মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিন মুসল্লী গুলিবিদ্ধ হন।