পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ রাজশাহীর আট বিশিষ্ট নাগরিককে আনসার আল ইসলামের নামে চিঠি দিয়ে হত্যার হুমকির ঘটনায় চারটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগিদের নিরাপত্তা চেয়ে সোমবার রাতেই নগরীর বোয়ালিয়া ও মতিহার থানায় জিডিগুলো করা হয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির পর হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার সোমবার রাতেই পৃথক জিডি করেছেন। আদালতের অনুমতি নিয়ে হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। এ ছাড়া সোমবার রাতেই বোয়ালিয়া মডেল থানায় আরেকটি জিডি করেছেন রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইনের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী।
এদিকে হুমকির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হায়াত কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কী না মঙ্গলবার বিকেল পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।