উপজেলা পরিষদ নির্বাচন

চন্দনাইশে নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

আগামী ২৪ মার্চ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পে অগ্নিসংযোগ ও নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার প্রাণকেন্দ্র গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

এবার বিরোধী দলীয় প্রার্থী না থাকলেও সাবেক গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের জিএস বর্তমান উপজেলার দুই-দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী (স্বতন্ত্র দোয়াত-কলম) প্রতীক ও নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি একেএম নাজিম উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্যাম্পে অগ্নিসংযোগ ও পোস্টার ছিঁড়ে ফেলার বিষয়ে (নৌকা) একেএম নাজিম উদ্দিন বলেন, আমি কিছুই জানি না এবং শুনিও নাই। হয়ত আমার দুর্নাম রটানোর জন্য নিজেরাই এমন ঘটনা করতে পারে এতে অবিশ্বাসের কি আছে।

স্বতন্ত্র প্রার্থী (দোয়াত-কলম) আবদুল জব্বার চৌধুরী বলেন, উপজেলার মানুষ আমাকে ভালোবাসে বলে দুইবার চেয়ারম্যান নির্বাচিত করেছে। সাধারণ মানুষ এমন কাজ কেন করবে। একমাত্র প্রতিপক্ষই আমার প্রতি মানুষের ভালোবাসা দেখে ঈর্ষান্তিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন।

আবদুল জব্বার চৌধুরী বিষয়টি রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন।