সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এ শ্লোগানকে সামনে রেখে রবিবার সারাদেশে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুর্যোগ প্রস্তুতি মহড়ার আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বরিশাল:বরিশাল সরকারি জিলা স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা ও ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া হয়। জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএমপির গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আবু সালেহ্ রায়হান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুস ছত্তার মন্ডল প্রমুখ। এর আগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের হয়।

নওগাঁ: সকালে পুরাতন কালেকটরেট চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

মাগুরা: সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র্যালি বের হয়। কালেকটরেট চত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেকটরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক মো. আলী আকবর, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান, অতিরেক্ত জেলা প্রশাসক আখতারুন্নাহারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ: সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প ও আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মহড়া হয়। পরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফ-উজ-জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাতসহ অনেকে।

মাদারীপুর: স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, জেলা ব্র্যাক প্রতিনিধি জফলুল হক, এনজিও প্রতিনিধি শাহজাহান খান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ ও পৌর ঈদগাহে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও দমকল বাহিনী।

রাঙ্গামাটি: সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। পৌর চত্বর থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত্ হোসেন রুবেল, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সংবাদকর্মী এবং সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।

চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শেষ হয়। সেখানে দুর্যোগকালীন করণীয় বিষয়ক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সদস্যরা বিশেষ মহড়া  প্রদর্শন করেন। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। পরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শংকর কুমার কুণ্ডুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

ভোলা: ভোলা জেলা প্রশাসনের  উদ্যোগে  এবং কোস্টট্রাস্ট, জাগেনারী এবং প্লান বাংলাদেশের সহযোগিতায় সকালে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের  সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মাঠে এসে শেষ হয়। এসময় বাংলা স্কুল মাঠের ভাষানী মঞ্চে দুর্যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। এ সময় ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সেলিম রেজাসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। 

কিশোরগঞ্জ: জেলা প্রশাসন ও বিভিন্ন এনজিওর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে শোভাযাত্রা বের হয়। পরে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোকারম হোসেন এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বক্তব্য রাখেন সরকারি গুরুদয়াল কলেজের উপাধ্যক্ষ এ এস এম নজরুল ইসলাম মজুমদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ প্রমুখ। পরে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

ভাণ্ডারিয়া (পিরোজপুর): উপজেলা প্রশাসনের ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া শাখার সহায়তায় সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি এসে শেষ হয়। পরে বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝ মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উদ্যোগে জনসচেতনতায় প্রচারণার অংশ হিসেবে ছোটখাটো অগ্নিকাণ্ড নির্বাপণ, টু হুইলার মোটরসাইকেলে জরুরি অগ্নিনির্বাপণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ভবনে আটকে পড়া আহতদের উদ্ধার করে অতিদ্রুত ফায়ার এ্যাম্বুলেন্সে হাসপাতালে প্রেরণ এবং পানি দ্বারা জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ বিষয়ে দুর্যোগ প্রস্তুতিমূলক এক ডিসপ্লে প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাজমুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কাঞ্চন আলী মৃধাসহ বিভিন্ন স্তরের মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন। 

কাউখালী (পিরোজপুর): সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু বকর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজযীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আগৈলঝাড়া (বরিশাল): সকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নারী-পুরুষের সমন্বয়ে উপজেলা সদরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারী প্রকৌশলী রুমানা ফেরদৌস স্বর্ণার সভাপতিত্বে দিবসের তাত্পর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, বেবী হোমের উপ-তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

ঝিনাইগাতী (শেরপুর): উপজেলা প্রশাসনের এপি ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কর্মকর্তা টুকি চাম্বুগং ও চিত্রা চিসিম প্রমুখ।

রাণীনগর (নওগাঁ): উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম আলী প্রমুখ।

রাঙ্গাবালী (পটুয়াখালী): সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মন্নান, বাহেরচর ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মশিউর রহমান শিমুল প্রমুখ। এছাড়া ওই কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম প্রমুখ।

তেরখাদা (খুলনা): বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধির সমন্বয়ে শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইমরুল কায়েস।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নৌসাদ মাহমুদ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পিআইও পবিত্র চন্দ্র মণ্ডল প্রমুখ।