র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তোফায়েল আহমেদ মিলন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আড়াইটার দিকে মহারাজপুর ইউনিয়নের চকলামপুর গ্রামে  এই ঘটনা ঘটে। মিলন চকলামপুর গ্রামের আব্দুল সালামের ছেলে।
 
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম জানান, রাতে র‌্যাবের একটি দল মহারাজপুর ইউনিয়নের চকলামপুর গ্রামে টহল দেয়ার সময় একদল দুর্বৃত্ত র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব আত্মারক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। আধাঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির সময় চাঁপাইনবাগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় পুলিশ ও র‌্যাব যৌথপ্রচেষ্টায় পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসে।
 
তিনি আরো জানান, রাত তিনটার দিকে চকলামপুর গ্রামের পাশের একটি আমবাগান তল্লাশিকালে গুলিবিদ্ধ মিলনের লাশ উদ্ধার হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, ছয় রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়। মিলনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
 
সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, লাশ ময়না দন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।