নেত্রকোনায় প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

নেত্রকোনার বারহাট্টায় মনাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সোয়া ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহতের নাম অর্জুন বিশ্বাস বলে জানা গেছে। 
 
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো আজ সকালেও প্রধান শিক্ষক অর্জুন স্কুলে যাচ্ছিলেন। স্কুল থেকে প্রায় ১০০ গজ দূরে দুর্বৃত্তরা পথরোধ করে ওই প্রধান শিক্ষককে কুপিয়ে পালিয়ে যায়। আহত প্রধান শিক্ষককে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, 'মনাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন বিশ্বাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।'
 
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।