যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে দুদকের অভিযান

বেআইনি ফির ২৫ লাখ টাকা জব্দ, ফেরতের অঙ্গীকার

ইত্তেফাক রিপোর্ট

শিক্ষার্থীদের কাছ থেকে এস.এস.সি পরীক্ষার অতিরিক্ত ফি গ্রহণের অভিযোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে উপসহকারী পরিচালক মাহবুবুল আলম ও পুলিশসহ ৬ সদস্যের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে দুদকের টিম ওই স্কুলে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় ২৫ লাখ টাকা অতিরিক্ত গ্রহণের প্রমাণ পেয়েছে। শিক্ষকরা এসব টাকা শিক্ষার্থীদের কাছে ফেরত দেওয়ার অঙ্গীকার করে।

দুদক সূত্র জানায়, ২০১৯ সালের আসন্ন এস.এস.সি পরীক্ষায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পরীক্ষার্থী ৬৩৭ জন। তবে এসব শিক্ষার্থীর নিকট সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় ২৫ লাখ টাকা অতিরিক্ত গ্রহণের প্রমাণ পায় দুদক টিম। অতিরিক্ত আদায়কৃত এসব অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান হাওলাদার এবং সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম ও সহকারী প্রধান শিক্ষক নাসরীন নাহার-এর যৌথ নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, যাত্রাবাড়ী শাখায় গচ্ছিত রাখা হয়। তবে দুদক টিমের অভিযানের মুখে স্কুল কর্তৃপক্ষ লিখিতভাবে অঙ্গীকার করে যে, বেআইনিভাবে আদায়কৃত ২৫ লাখ টাকা ফেরত প্রদান করা হবে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুদকের কর্মকর্তাদের উপস্থিতিতে শিক্ষার্থীদের নিকট এসব অর্থ ফেরত প্রদান করা হবে মর্মে অঙ্গীকার করা হয়।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, দুদক জনগণকে তাত্ক্ষণিক সুফল দিতে চায়। এ লক্ষ্যে দুদক মাঠে অভিযান চালাচ্ছে। দায়ী শিক্ষকবৃন্দের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে দুদক।