২০১৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন চিলি জাতীয় ফুটবল দলের কোচ জর্জ সাম্পাওলি। চলতি বছরের কোপা আমেরিকায় তার অধীনে চিলি শিরোপা জিতেছে।
এই সাফল্যেই লুইস এনরিকে ও পেপ গার্দিওলার পাশাপাশি ফিফা বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ৫৫ বছর বয়সী এই আর্জেন্টাইন।
ভ্যালেন্সিয়ার কোচ নুনো এসপিরিতো সান্তো রোববার পদত্যাগ করায় স্প্যানিশ এই ক্লাবটির সাথেও সাম্পাওলির যোগাযোগে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর সঙ্গেই শেষ পর্যন্ত চুক্তির বিষয়টি চূড়ান্ত করার ইঙ্গিত পাওয়া গেছে।
আগামী ২৯ জানুয়ারি থেকে ফ্লামেঙ্গো ব্রাজিলের বার্ষিক ফুটবল চ্যাম্পিয়নশিপ ক্যামপেওনাটো কারিয়োকা মিশন শুরু করতে যাচ্ছে। এ প্রসঙ্গে সাম্পাওলির প্রতিনিধি গেলসন বারেসি বলেছেন, অন্য ক্লাবের থেকেও বেশ কয়েকটি প্রস্তাব সে পেয়েছিল।
কিন্তু ক্লাব হিসেবে ফ্লামেঙ্গোর ইমেজ বিবেচনায় সাম্পাওলি এই পজিশনকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বাসস।