পতাকা বৈঠকের পর বুধবার ৪৮ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। এ সব বাংলাদেশি সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক হয়।
বুধবার দুপুর ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধি দল মিয়ানমার ঢেকবুনিয়াস্থ ইমিগ্রেশন অফিসে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সাথে পতাকা বৈঠক করে। এ সময় বিজিবির ২০ সদস্যের প্রতিনিধি দলেরনেতৃত্ব দেন কক্সবাজারস্থ ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উলাহ সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা ফেরদৌসী, মেডিকেল অফিসার ডা. রবিউর রহমান রবি।
অপরদিকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের পক্ষে নেতৃত্ব দেন মিয়ানমার ইমিগ্রেশনের ডিপুটি ডাইরেক্টর মি. সু-নাইন।
বুধবারে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কক্সবাজারের ১৯ জন, যশোরের ১২ জন, নারায়ণগঞ্জের ৩ জন, পাবনার একজন, খুলনার একজন, নোয়াখালীর একজন, কিশোরগঞ্জের একজন, গোপালগঞ্জের একজন, কুষ্টিয়ার দুইজন, সিরাজগঞ্জের ৩ জন, টাঙ্গাইলের ৪ জন।
উখিয়া সহকারী পুলিশ সুপার আবদুল মালেক মিয়া জানান, ফেরত আসা অভিবাসীদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। সেখান থেকে যাচাই বাছাই করে পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।