ফেনীতে হিজবুত তাওহিদের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

 

ফেনীতে গ্রেপ্তার হওয়া হিজবুত তাওহিদের ৯ নেতাকর্মীকে বুধবার জেলা বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে শহরের একটি রেস্তোরা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের রাজাঝির দিঘীর পাড়ের একটি রেস্তোরায় হিজবুত তাওহিদের মুখপত্র হিসেবে পরিচিত একটি পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভায় নিমন্ত্রণ করা হয়। সভা শুরুর পর তারা পত্রিকাসংক্রান্ত কোন কথা না বলে হিজবুত তাওহিদের আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু করেন। এ নিয়ে স্থানীয় সাংবাদিকরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দলীয় আদর্শ ও কর্মকাণ্ড নিয়ে আলোচনার খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ সভাস্থলে গিয়ে হিজবুত তাওহিদের জেলা আমীর দীল আফরোজ, ওই পত্রিকার নির্বাহী সম্পাদক শফিকুল ইসলামসহ ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যরা হলেন মো. আশিক মিয়া, নিজাম উদ্দিন, আবদুল আজিজ, নুর হোসেন ওরফে নিলয়, মো. শাহীন, মহিবুল হাসান ও আবদুর নুর ওরফে তুষার।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুজ্জমান জানান, হিজবুত তৌহিদের ৯ জন নেতাকর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।