হরিণাকুণ্ডুতে দুই সন্ত্রাসী গ্রেফতার

অস্ত্র ও গুলি উদ্ধার

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা

হরিণাকুন্ডু উপজেলার পারদখলপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো:পারদখলপুর গ্রামের মৃত নছিম মন্ডলের ছেলে জহর আলী মণ্ডল  ও মৃত আব্দুল বারেক মন্ডলের ছেলে আব্দুস সালাম।

র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, একাধিক হত্যা মামলার আসামি জহর আলী মণ্ডল ও আব্দুস সালাম হরিণাকুন্ডুর পারদখলপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় একটি রিভলবার, একটি ওয়ান শ্যূটার গান ও চার রাউন্ড গুলি। গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন স্থানে হত্যা, নাশকতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব। দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হরিণাকুন্ডু থানায় সোপর্দ করা হয়।