বিশেষ অভিযান

মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৮ জন আটক

মেহেরপুরের বিভিন্ন স্থানে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিএনপি’র ১৩, জামায়াতের ৪ ও শিবিরের ১ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশের একাধিক টিম বুধবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে আলাদা আলাদা অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করেন।
 
সদর থানার ওসি আহসান হাবীবের নেতৃত্বে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ২ জন ও শিবিরের ১ জন, গাংনী থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৬ জন ও মুজিবনগর থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৪ ও জামায়াতের ৫ কর্মী সমর্থককে আটক করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, দেশে নাশকতার আশংকায় পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।