রংপুরে দুই গ্রুপের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

রংপুর অফিস

শনিবার রাতে রংপুর নগরীর ৩৩নং ওয়ার্ডের রঘু বাজারে মোবাইলে কথা বলা ও এসএমএস দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। তার নাম মিজানুর রহমান মিজান (২০)। এ ঘটনায় আহত হয়েছে দুইজন। মিজান রংপুর সিটি বিএম কলেজের ছাত্র ও আজিজুল্লাহ শাহাপাড়ার রাজা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রো পুলিশের মাহিগঞ্জ থানার ওসি আকতারুজ্জামান।

স্থানীয় কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ জানান, রাতে বড় রংপুর আরাজি তামপাটের জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল ইসলাম রাজু এবং কাইদাহারা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাজু মিয়া মোবাইল ফোনে কথা বলা ও ম্যাসেজ দেওয়ার বিরোধ থেকে আজিজুল্লাহ শাহাপাড়ার মেজবাহ, মিজান ও শুভদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে মিজান নামে এক কলেজ ছাত্রের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।