গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুলাল মিস্ত্রী (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুরে (টেকপাড়া) এ ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ আহত হয়েছে কমপক্ষে ৪ জন।
আহতরা হলেন- পিরোজপুরের পরতাশি এলাকার কৃষ্ণ নিশির ছেলে জয়ন্ত কুমার (২৪), নরসিংদী সদর এলাকার গোলাপ মিয়ার ছেলে অটোরিকশা চালক মিজান মিয়া (৩৫), বরগুনার পাথরঘাটা এলাকার নিখিম গোমস্তার ছেলে অনুপম গোমস্তা (৩২), বরিশালের আগৈলঝড়ার জগদীস চন্দ্র বারৈর ছেলে যতীন বারৈ (৪১)। এদের মধ্যে অনুপমের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত যতীন বারৈ জানান, বৃহস্পতিবার সকালে সিএনজি চালিত অটোরিকশা যোগে নরসিংদী এলাকা থেকে কিত্তন শেষ করে আরেকটি একটি কিত্তন কারর জন্য দলবলে টাঙ্গাইলের করটিয়া যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুনশুরপুরে (টেকপাড়া) টঙ্গীগামী আমাদের অটোরিকশার (নরসিংদী থ-১১-০৫৬৭) সঙ্গে ঘোড়াশালগামী বালবাহী দ্রুত গতির একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৫ অরোহী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশীষ কুমার বণিক দুলাল মিস্ত্রীকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'দুর্ঘটনার কবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আর নিহত দুলাল মিস্ত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ ময়েজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। '