ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা (একাংশ) শুরু হয়েছে। মুসল্লিদের দুর্ভোগের কথা চিন্তা করে বিশ্ব ইজতেমার কেন্দ্রীয় মুরুব্বিদের পরামর্শে এবার দেশের ৩২ জেলায় ইজতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালীসীমা চৌদ্দ মৌজা মাঠে শুরু হয়েছে এই ইজতেমা। ইজতেমা উপলক্ষে পৌর এলাকার দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড থেকে ইজতেমার মাঠ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
এদিকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে পুলিশ। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন, ইজতেমার মাঠকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। নিরাপত্তার জন্য ৫৯৯ জন পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া র্যাব, বিজিবি, এপিবিএন, নৌ-পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ আরো জানান, ইজতেমায় বিদেশি ১০০ জন মেহমান আসার কথা রয়েছে। তারা সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তায় থাকবেন।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম বলেন, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় ব্যাপক নিরাপত্তা দেওয়া হবে।