সালথায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০ : বাড়ি ভাংচুর

 

ফরিদপুরের সালথায় বাঁশ কাটা নিয়ে  আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২০টি বাড়ি ভাংচুর করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রঙরায়েরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইউনিয়নের রঙরায়েরকান্দী গ্রামে বাঁশ কাটা নিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আবু জাফরের সমর্থক হাফিজ ফকিরের সঙ্গে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুর সমর্থক মকিম ফকিরের হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০টি বসতঘর ভাংচুর করা হয়। আহতদের মধ্যে গুরুতর মাজ্জম মাতুব্বর (৩০) ও আলী সিকদারকে (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়।  

সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রবুল সিকদার ও লিটন সিকদার নামে দুই যুবককে আটক করা হয়েছে।