৪ ডিসেম্বর 'নীলসাগর গ্রুপ ঢাকা মিনি স্কাই ম্যারাথন'

 
প্রথমবারের মতো বাংলাদেশের বান্দরবানে 'নীলসাগর গ্রুপ আন্তর্জাতিক স্কাই ম্যারাথন' অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর অংশ হিসাবে আগামী ৪ ডিসেম্বর শুক্রবার ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হবে 'নীলসাগর গ্রুপ কর্পোরেট মিনি স্কাই ম্যারাথন'। এতে দেশের কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মজীবী ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন।
 
৪ ডিসেম্বর একই জায়গায় ঢাকার অন্যান্য দৌড়বিদদের জন্য 'নীলসাগর গ্রুপ ঢাকা মিনি স্কাই ম্যারাথন'ও অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী, অন্যান্য চাকুরিজীবী দৌড়বিদ অংশ নিতে পারবেন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এ উপলক্ষে রেজিস্ট্রেশন এগিয়ে চলেছে। প্রায় তিনশ ম্যারাথন রানার  ইতিমধ্যেই এতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এখনও রেজিস্ট্রেশন করা যাবে ০১৭১৩১৮৫৪১৫ নম্বরে ফোন করে।
 
দেশের স্বনামধন্য অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান 'এভারেস্ট একাডেমি' এবং 'এ ফর অ্যাডভেঞ্চার'র আয়োজনে এই স্কাই ম্যারাথনে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বিপিএলের বরিশাল বুলসের অন্যতম কর্ণধার নীলসাগর গ্রুপ যুক্ত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় এই ম্যারাথনে সহযোগিতা করছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
 
কর্পোরেট ও ঢাকা মিনি স্কাই ম্যারাথনে অংশগ্রহণকারীদের শুক্রবার সকাল ৭টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) থেকে দৌড় শুরু করে পূর্বাচল তিনশ ফুট এক্সপ্রেসওয়ে ধরে ইছাপুর সেতু পর্যন্ত ৫ কিলোমিটার গিয়ে ফের আইসিসিবিতে ফিরতে হবে। এই আয়োজনে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনসশন সিটি (আইসিসিবি) ভেন্যু পার্টনার হিসাবে থাকছে। সেই সঙ্গে সহ-পৃষ্ঠপোষক হিসাবে রয়েছে মিনিস্টার ইলেক্ট্রনিক্স, গোল্ডেনলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ম্যাক্স গ্রুপ।
 
এতে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে দৈনিক ইত্তেফাক। সেই সঙ্গে স্বেচ্ছাসেবক দিয়ে সহযোগিতা করছে বাংলাদেশ স্কাউটস, যুগান্তর স্বজন সমাবেশ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন সংগঠন। এই স্কাই ম্যারাথন ইভেন্টে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে থাকছে দি বাংলাদেশ মনিটর, মেকার, শিশুকিশোর মাসিক ম্যাগাজিন টইটম্বুর এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করছে টপ অব দি ওয়ার্ল্ড।
 
'নীলসাগর গ্রুপ কর্পোরেট ও ঢাকা মিনি স্কাই ম্যারাথন'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুহাম্মদ ফারুক খান এমপি। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতারুজ্জামান খান কবির, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসান হাবীব লেলিন, আইসিসিবি ও বিসিসি’র হেড অব অপারেশন্স এমএম জসিম উদ্দীন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়াবিদ মোহাম্মদ আবুল হোসেন, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্ট’র প্রেসিডেন্ট হুমায়রা আফরিন এবং বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম উপস্থিত থাকবেন। সকাল সাতটায় মিনি ম্যারাথন শুরু হয়ে এক ঘণ্টা দশ মিনিটে যারা দৌড় শেষ করবেন, তারা সবাই সার্টিফিকেট, প্রথম দশজন মেডেল ও প্রথম তিনজন ট্রফিলাভ করবেন।