হালকা বৃষ্টি হতে পারে আজ

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে তামিলনাড়ু-শ্রীলংকা উপকূলে লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলাসহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 
 
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বৃহস্পতিবার দিবাগত রাতে জানান, দেশের আকাশ শুক্রবারও কুয়াশার চাদরে ঢেকে থাকবে। কোথাও কোথাও সামান্য বৃষ্টিও ঝরবে। রাতের তাপমাত্রা কমে যাবে সামান্য। 
 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায়, রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে বজ্র বৃষ্টি হতে পারে।  
 
আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক সানাউল হক বলেন, 'আরও দু-একদিন দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টি হবে।' 
 
বৃহস্পতিবার বিকাল ও দিবাগত রাতে কুয়াশার সঙ্গে সামান্য বৃষ্টিপাতও হয়েছে রাজধানীতে। এছাড়াও বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া অফিস।