সংবাদ সংক্ষেপ

মোটরসাইকেল ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

রংপুর অফিস রংপুরে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো লাভলু মিয়া ওরফে সাকিব, রাকিব রেদওয়ান ও মাহবুব আলম রিপন। ওইদিন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ওসি একেএম নাজমুল কাদের। তিনি জানান, মামলার বাদী আল-আমিন বিক্রয় ডটকমে নিজের মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন দেন। সেটা দেখে প্রতারক চক্রের সদস্য সাকিব ফোনে মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করে ২৮ জানুয়ারি মুচির মোড় হজ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ডাকে। এরপর ট্রায়েল দেওয়ার কথা বলে আল-আমিনকে পিছনে নিয়ে মোটরসাইকেলটি চালিয়ে হাজীরহাট থানা মোড় রংপুর-সৈয়দপুর মহাসড়কে পৌঁছে মামাকে ফোন দেওয়ার কথা বলে। এ সময় আল-আমিন গাড়ি থেকে নেমে তার ব্যবহূত মোবাইল ফোনটি কথা বলার জন্য দেয়। সুযোগ বুঝে মোবাইল হাতে নিয়ে দ্রুত সেখান থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সাকিব। এ ব্যাপারে আল-আমিন হাজীরহাট থানায় মামলা দায়ের করেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়াসহ চারটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রাজশাহীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব!

স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ মার্চ শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব-২০১৯’। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেয়র বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উত্সব। ১০ দিনের এ উত্সবে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে মাতবে রাজশাহী মহানগরী। ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় কবিকুঞ্জ রাজশাহীর সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

উল্লাপাড়ায় অটোভ্যান চালককে গলা

কেটে হত্যা, আটক দুই

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা রবিবার ভোরে উল্লাপাড়ায় অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তারা তালুকদার(৪৭)। দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে গলা কেটে ওখানে ফেলে রেখে যায়। সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মোজা তালুকদারের ছেলে। এ ঘটনায় দু’জন আটক হয়েছে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক জয়নুল আবেদীন জানান, শনিবার রাতে চার ছিনতাইকারী যাত্রীবেশে সিরাজগঞ্জের জামতৈল থেকে তারা তালুকদারের অটোভ্যানটি ভাড়া করে কালিগঞ্জ যাচ্ছিলো। এ সময় মনিরপুর সড়ক সেতুর নিচে তারা তালুকদারের গলা কেটে এবং শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করে হত্যার পর লাশ ফেলে পালানোর সময় দু’জন জনতার হাতে ধরা পড়ে। এ ব্যাপারে উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মতিন বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেছেন। আটকরা হলো রিপন শেখ ও তানভীর হোসেন জীবন।

 

 

 

০