কুমিল্লায় লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু

কুমিল্লায় লাঠির আঘাতে ফাতেমা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার বড়ধর্মপুর (ফকির মুড়া) এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়ধর্মপুর গ্রামের হামিদ মিয়ার সঙ্গে বাড়ির রাস্তা নিয়ে একই বাড়ির তার ভাতিজা নাছিরের বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসা করতে বৃহস্পতিবার বিকালে বাড়িতে সালিশ বৈঠক হয়। ওই বৈঠক চলাকালে নাছির উত্তেজিত হয়ে চাচা হামিদকে লাঠি দিয়ে আঘাতের চেষ্টা চলায়। এ সময় ফাতেমা তার বাবাকে বাঁচাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়ভাবে রাতভর তাকে বাড়িতে চিকিৎসা দেয়া হলেও শুক্রবার ভোরে অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়ার পথে ফাতেমার মৃত্যু হয়। প্রায় ৯ মাস আগে জেলার বরুড়া উপজেলার ধনিশ্বর গ্রামে তার বিয়ে হয়েছিল।

সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।