মিয়ানমার থেকে ফেরত আনা ৪৮ জনকে জিজ্ঞাসাবাদ করে ১৮ জেলার ৮৬ দালালের নাম শনাক্ত করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে থাকা ৪৩ জনকে পুলিশের জিম্মায় বাড়ি পাঠানোর আগে এমন তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
তিনি জানান, বুধবার মিয়ানমার থেকে ফেরত আনা ৪৮ জনের মধ্যে ৫ জন শিশু ছিল। আদালতের নির্দেশ মতে রেড ক্রিসেন্টের জিম্মায় বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি পাঠানো হয়। অন্যান্য প্রক্রিয়া শেষে অপর ৪৩ জনকে শুক্রবার পাঠানো হয়। এদের জিজ্ঞাসাবাদে ১৮টি জেলার ৮৬ দালালের নাম পাওয়া গেছে। তাদের নামে মামলা করা হবে।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলিমা রায়হানা জানান, বুধবার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে এ ৪৮ জনকে দেশে আনা হয়েছে। দালালের খপ্পড়ে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের জলসীমায় উদ্ধার হয়েছিল ৯৩৫ জন। তার মধ্যে ৭ দফায় বাংলাদেশি হিসেবে শনাক্ত ৭৭৭ জনকে ফেরত আনা হয়। যার সর্বশেষ ৪৮ জনকে আনা হয় বুধবার।
এদিকে দীর্ঘ ভোগান্তি পর ফেরত আসা ব্যক্তিরা দালালের বিচার দাবি করেছেন। অনেকদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।