মুন্সীগঞ্জে বিপিএলের খেলা নিয়ে বাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দয়াল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা (২৩) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদভিটা গ্রামের আশেক আলীর ছেলে। ওই বাজারের একটি খাবার হোটেলে কাজ করতেন তিনি। এ ঘটনায় নিহত মোস্তফার মা মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
সদর থানার ওসি ইউনুচ আলী জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি খেলা নিয়ে কিছু বাজির টাকা জেতেন স্থানীয় কয়েকজন যুবক। ওই টাকা ভাগাভাগি নিয়ে মোস্তফা ও উত্তমসহ কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের চটপটির দোকানের পিঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে মোস্তফাকে আঘাত করেন উত্তম চক্রবর্তী (৩০)।
উত্তম পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান ওসি।