দিনাজপুরের খানসামায় বাল্যবিয়ের আয়োজন করায় শুক্রবার দুপুরে বর ও কাজীসহ ছয়জনের বিভিন্ন মেয়াদের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বর আলমগীর হোসেন (২৫) ও কাজী মজিবর রহমানকে এক মাসের জেল এবং বরযাত্রী ফিরোজিদুল ইসলাম (২৫), রহিদুল ইসলাম (২৬), মো. আনিছুর রহমান (২৫), মো. আরিফ হোসেন (২৩) ১০ দিনের জেল। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।
খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে খানসামা উপজেলার সুবর্ণখলী গ্রামের হামিদুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে একই এলাকার ওয়াজেদ আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়।