শাহরাস্তিতে দুইজনের লাশ উদ্ধার

 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা থেকে শুক্রবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ ডাটরাশিবপুর রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন বিকাল পাঁচটায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের ওয়ারুক বাজার এলাকা থেকে মাহবুব আলম (৩৫) নামে এক খুচরা ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মাহবুব আলম কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের আবদুর রবের ছেলে।

মাহবুব আলমের চাচাতো ভাই মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মাহবুব আলম নিখোঁজ হন। তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়।

শাহরাস্তি থানার এসআই নিজাম উদ্দিন জানান, অজ্ঞাত যুবকের গায়ে সাদা শার্ট, পরনে জিন্সের প্যান্ট ছিল। তার মাথার পিছনে জখমের চিহ্ন রয়েছে।