বরগুনায় তৃতীয় শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মালিহাকে (৯) পিটিয়ে আহত করার ঘটনায় শুক্রবার বিকেলে বিজয় বৃত্তি কোচিং সেন্টারের শিক্ষক জহিরুল ইসলাম বাদলকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বরগুনা পৌর শহরের কলেজ রোড এলাকায় বিজয় বৃত্তি কোচিং সেন্টারে মালিহাকে (৯) পিটিয়ে আহত করে শিক্ষক বাদল। মালিহাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালিহা ক্যালিক্স একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী। পরে ওই কোচিং সেন্টারটি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
মালিহার বাবা মো. জামাল শিকদার জানান, তার মেয়েকে সামান্য অপরাধের জন্য শরীরের বিভিন্ন জায়গায় ৩৫ থেকে ৪০টি বেত্রাঘাত করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জোহানুল ইসলাম জানান, শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান, এ ঘটনায় শিক্ষক জহিরুল ইসলাম বাদলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।