জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাস থেকে ছিটকে পড়ে আহত হওয়ার ১১ দিন পর মাশুক খান নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি হিসাববিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
মাশুকের সহপাঠীরা জানান, শিক্ষার্থী পরিবহনের বাস ‘বংশী’তে করে সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন মাশুক। বাসে প্রচণ্ড ভিড় থাকায় বাধ্য হয়ে তিনি গেইটে দাঁড়ান। এক পর্যায়ে বাসটি অন্য একটি বাসকে অতিক্রম করার সময় মাশুক রাস্তায় ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শিক্ষার্থীরা তাকে দ্রুত স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।
প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এনাম মেডিকেলে চিকিৎসার পর মিশুক ভাল অনুভব করলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসায় আবার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানেও মিশুক ভালই ছিল। কিন্তু গত রাতে খাবার খাওয়ার পর হঠাৎ তার স্ট্রোক হয়। পরে রাত তিনটার দিকে হাসপাতালে মারা যায়।