ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় সড়কের ওপর গাছ ফেলে ইজিবাইকে ডাকাতিকালে পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের চালনাই চক এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার তামাইল গ্রামের আইয়ুব আলী প্রামানিকের ছেলে মো.তুহিন (২৭), একই গ্রামের বশির আহামেদের ছেলে মো. সোলেমান (৩৮), মো.তমছের আলীর ছেলে মো. মজনু (৩২), উপজেলার কাজিপুরা গ্রামের মো.আলীর ছেলে মো.বুলু (৩০), একই গ্রামের মো. বাবর আলীর ছেলে সোহেল রানা, চালাই গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে আবদুল্লাহ।
পুলিশ জানায়, এলাকাবাসী যাত্রীদের চিৎকার শুনে নবাবগঞ্জ থানায় জানায়। পুলিশ সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার একটি লুঙ্গির ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ওই ছয় ডাকাতকে আটক করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, আটকদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।