কোপা দেল রে থেকে বরখাস্ত হল রিয়াল

সাসপেনশনের খাঁড়ায় থাকা ডেনিস চেরিশেভকে খেলিয়ে কোপা দেল রে থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট পরিচালনা কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এই খবর নিশ্চিত করেছে।

 

স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিজের বিপক্ষে কোপা দেল রেতে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় ডেনিস চেরিশেভকে প্রথম একাদশে নামান রাফায়েল বেনিতেজ। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় এই টুর্নামেন্টে তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। এর পর এ ম্যাচেই তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।
 

বিষয়টি পরে জানতে পেরে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রাশিয়ার এই উইঙ্গারকে মাঠ থেকে তুলে নেন বেনিতেজ। বুধবার রাতে সেরা বত্রিশের প্রথম লেগের ম্যাচটি ৩-১ গোলে জেতে রিয়াল। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটিও করেছিলেন চেরিশেভ।
 
ওই প্রসঙ্গে রিয়াল কোচ পরে জানান, ক্লাব ভিয়ারিয়াল কিংবা চেরিশেভ কেউই ওই খেলোয়াড়ের হলুদ কার্ডের বিষয়টি জানায়নি। টুর্নামেন্ট থেকে বাদ পড়ার বিষয়ে রিয়াল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। এএস স্পোর্টস।