পেলে-ম্যারাডোনার মতো বিশ্বকাপটি জিততে না পারলেও একটি জায়গায় ঠিকই তাদের ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। জনপ্রিয় ফুটবল সংবাদ সংশ্লিষ্ট ওয়েবসাইট গোল ডট কমের জরিপে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি।
এই বছর বার্সেলোনাকে ট্রেবল জেতানো লিওনেল মেসি কয়েকদিন আগে হয়েছেন লা লিগার সেরা খেলোয়াড় ও ফরোয়ার্ড। এর আগে এই ওয়েবসাইটের ভোটে বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এছাড়া চার বার ব্যালন ডি অর জেতা মেসির পঞ্চম ব্যালন ডি অর জেতাটাও সময়ের ব্যাপার মাত্র। আর এই প্রেক্ষিতেই এই ওয়েবসাইট থেকে সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচন করতে ইন্টারনেট জরিপ আহ্বান করা হয়। এক লাখের বেশি ভোটের ৫২ শতাংশ অর্জন করেছেন ২৮ বছর বয়সী মেসি।
তিন বার ফিফা বর্ষসেরা হওয়া মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ১১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এই দুইজনের সেরা দুইয়ে অবস্থান করার ঘটনাকে গোল ডট কম বলেছে, আমরা সম্ভবত এখন ফুটবলের সোনালি যুগে অবস্থান করছি।
আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়ে সর্বকালের সেরা ফুটবলারের তকমা পাওয়া দিয়েগো ম্যারাডোনা ৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। তার ঠিক পরেই আছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা ফুটবল সম্রাট পেলে। তাদের পরে পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্সের জিনেদিন জিদান।
এছাড়া সেরা দশের মধ্যে আছেন ব্রাজিলিয়ান রোনালদো, ইতালির রবার্তো ব্যাজ্জিও, রিয়াল মাদ্রিদকে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো আলফ্রেড ডি স্টেফানো এবং জার্মানির সাবেক অধিনায়ক ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। গোল.কম।