বরিশালে ইয়াবা ও জাল নোটসহ আটক ৩

মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকার নোটসহ তিন জনকে আটক করেছে র‌্যাব ও ডিবি পুলিশের সদস্যরা। শুক্রবার সন্ধ্যা ও রাতে তাদের আটক করা হয়।  
 
আটককৃতরা হলেন- আব্দুল মান্নান গাজি (৫৫), রবিউল ফরাজি (৪৫) ও ইমরান ব্যাপারী (২০)।
 
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপাতলী বাসস্ট্যন্ড এলাকার আবাসিক হোটেল মেট্রোপলিটনে অভিযান চালনো হয়। হোটেলের ১২৭ নম্বর কক্ষ থেকে মান্নান ও রবিউলকে আটক করা হয়। পরে মান্নানের প্যান্টের পকেট থেকে জাল ৩ হাজার টাকা, ৫০ পিস ইয়াবা ও অপর আসামি রবিউলের কাছ থেকে জাল ২ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়।
 
অন্যদিকে রাতে মহানগর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. তানজিল আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইমরান ব্যাপারীকে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ডিসির ঘাট এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ আটক করে। তিনি কাউনিয়া থানার পলাশপুর এলাকার করিম ব্যাপরীর ছেলে। 
 
উভয় ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।