শাহজাদপুরে যুবককে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরের ঘোরশালে পূর্ব শত্রুতার জের ধরে আলামিন হোসেন নামের এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আলামিন এনায়েতপুর থানার রুপনাই গ্রামের বুদ্দু মিয়ার ছেলে।
 
শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম জানান, গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। 
 
নিহতের মা চায়না বেগম অভিযোগ করে জানান, আলামিন এনায়েতপুর থানার জুগিবাড়ি গ্রামের ফজলুর মেয়ে ইতির সঙ্গে ঘোরশাল গ্রামের মাজেদের ছেলে খালাতো ভাই মাসুদের বিয়ে দেন। এর ৭ দিন পরই মেয়েটিকে নিয়ে আলামিন পালিয়ে গিয়ে বিয়ে করেন। তখন থেকেই মাসুদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দিবাগত রাতে তাকে একা পেয়ে মাসুদসহ সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হত্যার পর গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।