ভিয়েতনামে হো ট্রাম ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভালো খেলে এগিয়ে গেলেও ছন্দ ধরে রাখতে পারেননি সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলে পিছিয়ে পড়েছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
১৫ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে সিদ্দিকুর যৌথভাবে ২৫তম স্থানে রয়েছেন।
আসরে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান সিদ্দিকুর। শুক্রবার আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে নয় হোল খেলে তিনটি বার্ডি ও একটি বোগি করেন বাংলাদেশের এই গলফার। পরে শনিবার সকালে দ্বিতীয় রাউন্ডের বাকি নয় হোলে খেলে আরো দুটি বার্ডি করেন তিনি। সবমিলে এই রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেন।
দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট ৬ শট কম খেলে যৌথভাবে নবম স্থানে ছিলেন সিদ্দিকুর।
ভালো খেলার ওই ধারাবাহিকতা তৃতীয় রাউন্ডে ধরে রাখতে পারেননি সিদ্দিকুর। দুটি বার্ডি করলেও সঙ্গে তিনটি বোগি ও একটি ডাবল বোগি করে পিছিয়ে পড়েন।
পারের চেয়ে মোট ১৩ শট কম খেলে শীর্ষে আছেন চাইনিজ তাইপের লিন ওয়েন-ট্যাং।