হঠাত্ করে বগুড়ায় পিঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় হঠাত্ করে সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দাম এক লাফে কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগেও খুচরা বাজারে দেশি পিঁয়াজ বিক্রি হয়েছে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে। একই পিঁয়াজ শুক্রবার থেকে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা জানান, ভারত থেতে পিঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। তবে ক্রেতারা অভিযোগ করেছেন, সিন্ডিকেট করে পিঁয়াজের বাজার বাড়িয়ে দেয়া হয়েছে।

বগুড়া শহরের ফতেহ আলী বাজার, বকশিবাজার, কালিতলা হাট, খান্দার, বউ বাজার ছাড়াও বিভিন্ন খুচরা বাজার শুক্রবার ও শনিবার ঘুরে দেখা গেছে, দেশি পিঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা ও ভারতীয় পিঁয়াজ ১৬ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এ সব হাটবাজারে দেশি পিঁয়াজ ১৮ থেকে ২০ টাকা ও ভারতীয় পিঁয়াজ ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বগুড়া শহরের কাঁচা মালামালের পাইকারি আড়ত রাজাবাজারের ব্যবসায়ী রাজীব বলেন, ‘ভারত থেকে পিঁয়াজের আমদানি কমে গেছে। রাজাবাজার আড়তে এক সপ্তাহ আগেও প্রতিদিন কমপক্ষে ১০ ট্রাক ভারতীয় পিঁয়াজ আমদানি হতো। সেখানে এখন দুই থেকে তিন ট্রাক পিঁয়াজ আসছে।’ তিনি বলেন, ‘ভারতের অন্ধ্র প্রদেশে বন্যা ও ঝড়বৃষ্টির কারণে সেখানেই পিঁয়াজের দাম বেড়ে গেছে। এ কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা পিঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছে।’ রাজাবাজারে কৃঞ্চ ভাণ্ডারের ব্যবসায়ী ফজের আলী বলেন, ‘একদিকে ভারতীয় পিঁয়াজের আমদানি কম, অন্যদিকে গত কয়েক দিনে অসময়ের বৃষ্টিতে পাবনা অঞ্চলে পিঁয়াজের জমিতে পানি আটকে যায়। এ কারণে জমি থেকে পিঁয়াজ উঠাতে দেরি হচ্ছে।’

খুচরা বাজারে পিঁয়াজ কিনতে আসা সেলিম হোসেন, আব্দুল গফুরসহ অনেকেই বলেন, প্রতিবছর এ সময় দেশি পিঁয়াজ ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়। এবারও তাই ছিল। কিন্তু হঠাত্ কেজি প্রতি ১০ টাকা বেড়ে যাওয়ার কারণ তারা খুঁজে পাচ্ছেন না।