রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে শনিবার ভোরে রূপনগরের রুস্তমপুর বেড়িবাঁধে ট্রাক-পিকআপ সংঘর্ষে জসিম উদ্দিন (২৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। অপরদিকে শুক্রবার রাতে গেন্ডরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।
রূপনগর থানার এসআই আশরাফ আলী জানান, ভোর চারটার দিকে বেড়িবাঁধ এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক মারা যান। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত জসিম পিকআপের চালক। তার বাবার নাম শামসুল হক। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
অপরদিকে গেন্ডারিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, শুক্রবার রাতে মরদেহ উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়। তার নাম-পরিচয় জানতে পারা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।