মেহেরপুরের গাংনী উপজেলায় বাঁধাকপি-বোঝাই ট্রাক উল্টে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী আখ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে আমিরুল (৪৫), জমির উদ্দীনের ছেলে বিচারুল (৪০), আলতাফের ছেলে মহাসিন (৪০), মুনছারের ছেলে মফিজুল (৪২) ও চাদ আলীর ছেলে জান আলী ( ৪৫)। এদের মধ্যে আমিরুল ও বিচারুলের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক।
স্থানীয়রা জানায়, মেহেরপুর সদর উপজেলার বেলতলাপাড়া থেকে বাঁধাকপি-বোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। আহত অবস্থায় পাঁচ শ্রমিককে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।