হাজারীবাগে বাসায় ঢুকে হামলা, আহত ৫

 
রাজধানীর হাজারীবাগে তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই তরুণীর বাসায় ঢুকে হামলা চালিয়েছে। শনিবার সন্ধ্যায় এ হমালার ঘটনা ঘটে। এত ওই তরুণীর দাদা, চাচা ও ফুপাসহ ৪/৫ জন আহত হয়েছেন।
 
আহতদের মধ্যে তরুণীর দাদা মনির উদ্দিন (৭০) ও চাচা বাদল মিয়া (৪৫), ফুপা রুবেলকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের চিকিত্সার জন্য শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, হাজারীবাগ থানাধীন ১৪৭/বি রায়েরবাজার নিমতলীতে ১৬ বছরের এক তরুণীকে স্থানীয় টুটুল নামের এক বখাটে বিয়ের প্রস্তাব দিয়ে নিয়মিত উত্যক্ত করে আসছে। টুটুল রহমান একই এলাকার রহমান স্টোরের কর্মচারী। এসব ঘটনায় ওই তরুণীর চাচাতো ভাই রিফাত প্রতিবাদ করে এবং টুটুলকে মারধর করে। পরে আজ আবার ওই তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে টুটুলের কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যায় টুটুল, তার বন্ধু সুজন, গাফ্ফারসহ ৮ থেকে ১০জন সন্ত্রাসী মনির হোসেনের বাড়িতে হামলায় চালায়। এতে মনির হোসেন ও তার ছেলে বাদল গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
 
আহত বাদল মিয়া জানান, রহমান স্টোরের কর্মচারী টুটুল (১৯) তার বন্ধু আসলাম, সুজন, জুলহাস, বিপ্লবসহ ১০-১২ জনকে নিয়ে বাড়িতে হামলা করে। এতে তারা গুরুতর আহত হন। তিনি দাবি করেন, তার ভাজতিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় টুটুল তার বন্ধুদের সঙ্গে নিয়ে এই হামলা করেছে।
 
হাজারীবাগ থানা পুলিশ জানায়, এ ঘটনায় জুলহাস ও আলআমিন নামে দুজনকে আটক করা হয়েছে। তবে উত্যক্তের প্রতিবাদ করায় ঘটনাটি ঘটেছে কিনা পুলিশ নিশ্চিত হতে পারেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।