গ্যাসের দাম বাড়ালে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি বাম জোটের

ইত্তেফাক রিপোর্ট

গ্যাসের দাম বাড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে জোট নেতারা বলেছেন, এখতিয়ার বহির্ভূত গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) জনগণের পকেট কাটতে দেওয়া হবে না। গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধ করতে হবে।

জোটের সমন্বয়ক বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, আজিজুর রহমান, জহিরুল ইসলাম, মনিরুদ্দীন পাপ্পু, হামিদুল হক, লিয়াকত হোসেন ও রুহিন হোসেন প্রিন্স। সমাবেশ পরিচালনা করেন আকবর খান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।